শালিক তাড়াতে গিয়ে
(ওবায়েদ আকাশ)

শালিক তাড়াতে গিয়ে উঠোনভর্তি ধানে
আকণ্ঠ তলিয়ে গেছি

রোজ তাই দেখি টেনে তুলছে
দুপুরের ঢালে অগোছালো রোদ
ছোট্ট পুকুরে কাঁধে ছুঁয়ে ঢেউ, কচুরিপানায়
ছোট মাছেদের ব্যাকুল সাঁতার

গরু চড়াতে গিয়ে ঘাসফুলের আদরে
পালানে লুটিয়ে পড়েছি
আর আমাকে মাতাল করেছে
রসের হাঁড়িতে গর্ভবতী খেজুরের প্রকাণ্ড গাছ
পলো নিয়ে কাঁধে পাড়ার লোকেদের হৈহুল্লোড়, হাঁক

তোমাকে লিখতে গিয়ে সংসারের আয়ব্যয়
এটাসেটা চাহিদা ভুলে
লিখেছি এই পাতাঝরা আর
মেহগনি ফলের বঙ্কিম ভঙ্গিমা

তোমাকে শোনাতে গিয়ে গেয়েছি এই
বাংলা আমার জীবনানন্দ…
বাংলা আমার অনেক দামে কেনা

Copyright © 2026 অপারবাংলা