তোমার শরীর আছে, কুসুম

                  (অদিতি বসুরায়)

শরীর জানি না, ভেবেছ?
ভেবেছ, কয়েকটি মুদ্রা- শ্বাসাঘাত এসবেই বাঁশি বেজে ওঠে,
সুরে?
ভেবেছ, কুসুমবনের বাতাস এলে, উদযাপন হয় সমস্ত?
ভেবেছ, অবনত হওয়াই নিয়তি আমার?
সাঁতার শিখেছি, জেনে রেখ।
জেনে রেখ, শরীর মহাকাশ জানে।
এ এক মুগ্ধবিদ্যা।
শরীর, হংসধ্বনি বুনে দিতে পারে চামড়ার নীচে স্পর্শে স্পর্শে

ভেবেছ, বুঝি না অসমাপ্ত রেখে উঠে যাওয়া?
স্নানের দিন, মনে হয়
পুরুষ সুখের কিছু নয় !
তাই ঠিকানা নিই নি আর
সব সেরে ঘুমিয়েছি অকাতর

শরীর মেটানো সহজ
পিপাসার জল হওয়া, এখন কঠিনতর মনে হয়!

Copyright © 2026 অপারবাংলা