ইতিহাস বলে, এই বহুবিভক্ত মানুষ জাতির একটাই অতীত। তবু সময়ের স্রোতে, বহু জাতি উপজাতিতে ভেঙে মানুষ ছড়িয়ে পড়েছে পৃথিবীর কোনায় কোনায়। যত তারা ছড়িয়ে পড়েছে ততই তাদের আদি অভিন্ন ভাষাটিরও রূপান্তর হয়েছে, তৈরি হয়েছে একের পর এক নতুন নতুন ভাষা। মহাদেশ, দেশ, প্রদেশ, অঞ্চল –এভাবে যতবার পাঁচিল তোলা হয়েছে, ততবারই ভেঙেছে মানুষের ভাষা। পরিসংখ্যান বলছে, সারা পৃথিবীর মানুষ এখন মোট পাঁচ হাজারটি ভাষায় কথা বলে।
পদার্থবিজ্ঞান বলে যে, আমাদের এই অসিলেটরি ব্রহ্মান্ডে, বিগ ব্যাং এর পর বিগ ক্রাঞ্চ অবশ্যম্ভাবী। তেমনই এক আভাস পাওয়া যাচ্ছে মানুষের বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যেও। দেশের বেড়া মুছে ফেলে গোটা পৃথিবীতে একটাই ভুবনগ্রাম তৈরির চেষ্টা চলছে গত শতাব্দী থেকে, তাকেই আমরা ‘গ্লোবালাইজেশন’ নামে জানি।
পুরো দুনিয়াটা যদি একটাই গ্রাম হয়ে যায় তবে সেই ‘একপাড়ার বাসিন্দা’ দের মুখের ভাষাও হবে একটাই। ভাষার দুনিয়ার সেই লড়াইতে টিঁকে থাকবে সেই ভাষাটাই, যার মধ্যে সর্বজনগ্রাহ্য হবার সমস্ত রকম সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে প্রায় পাঁচ হাজার ভাষা থাকলেও, বেশির ভাগ ভাষাতেই বক্তার সংখ্যা খুবই কম। শতকরা পঁচানব্বই জন, একশটিরও কম ভাষাতেই কথা বলে,ফলে প্রচুর ভাষা পৃথিবী থেকে অবলুপ্তির পথে। যে ভাষা শিক্ষার মাধ্যম, সরকারি কাজের মাধ্যম এবং দুনিয়ার সঙ্গে সংযোগের মাধ্যম, সেই ভাষারই কদর হবে, এ অত্যন্ত স্বাভাবিক নিয়ম। বিশ্বজুড়ে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী নীতির কারনে ইংরেজি ভাষা অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে এব্যাপারে সবার আগে পৌঁছে গেছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের বাংলাভাষাও খুব একটা পিছনে নেই। যে ভাষা আস্ত একটা দেশ গঠন করে ফেলতে পারে, সে যে যথেষ্ট বাহুবলী, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭.৫ বিলিয়ন, তার মধ্যে বাংলাভাষীর সংখ্যা ৩০০ মিলিয়ন। ভাষা ব্যবহারকারীর সংখ্যার বিচারে বাংলার স্থান বিশ্বে সপ্তম। ভাষাতাত্ত্বিকরা মনে করেন, যেসব গুণ থাকলে, একটি ভাষা টিঁকে থাকতে পারে, হয়ে উঠতে পারে ভবিষ্যৎ ভুবনগ্রামের বাসিন্দাদের একমাত্র ভাষা, বাংলার মধ্যে সে সমস্ত সম্ভাবনাই আছে। কে জানে, ভাষাযুদ্ধে আর সবাইকে হারিয়ে, বাংলাই একম্ অদ্বিতীয়ম্ হয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকবে কি না!
যদিও সে সব অনেক দূরের কথা, তাই আমি এখন সেই সব সম্ভাব্যতার কথায় যেতে চাই না, আমি কেবল একটা স্বপ্নের কথাই বলতে চাই , সারা পৃথিবী জুড়ে যত বাংলাভাষী আছেন, তাদের সকলকে এক সুতোতে জড়িয়ে ফেলার স্বপ্ন; এক ভাষাতে কাঁদা-হাসার সুবাদে যারা আমাদের আত্মীয় , তাদের সাথে আবেগ ভাগ করে নেবার স্বপ্ন।
কেবল এপার বা ওপার বাংলা নয়, সাগরপারে থাকা বাঙালিদেরও এক জালে জড়িয়ে অন্তর্জাল পত্রিকা ‘অপার বাংলা’-র জন্মকথা লিখেছি আমরা।
প্রথম সংখ্যা প্রকাশের পর, এত মানুষকে সাথে পেয়েছি যে স্বপ্ন দেখার সাহসটা গেছে আরো বেড়ে। বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখকরা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তা অভাবনীয়। যেন একটা ঘোরের মধ্যে রয়েছি, আমারা চাই এই ঘোর না কাটুক। আপনাদের সকলকে পাশে নিয়ে ‘অপার বাংলা’ আরো এগিয়ে চলুক। সকলে ভাল থাকবেন।
ধন্যবাদ
শুভ নাথ
সম্পাদক
অপার বাংলা
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে এখানে ক্লিক করুন

