ছাড়া পোশাকের ভাঁজে
(ঋজুরেখ চক্রবর্তী)
ছাড়া পোশাকের ভাঁজে
চোরা চাহনির মতো কখনও কখনও
কারুর হাতের ছাপ থেকে যায়।
আমাদের মায়াজন্মে এইসব মাদকতা মহার্ঘ সঞ্চয়─
এইসব অনাবিল পাপ,
দিনগত ক্ষয় নেই যার,
নেই যার মহনীয়তার কোনও গূঢ়ার্থ গরিমা,
ব্যাহত ব্যাখ্যার বিষে সচেতনতার ক্ষোভও নেই;
শুধু এক আত্মগত বিহ্বলতা আছে,
আর আছে ক্রমশ অভ্যস্ত হতে হতে
নিকট নিকটতর নক্ষত্রের আয়ুর আধার হতে পারা,
যে আধার সহজ সত্যের মতো অখণ্ড অলীক অবিরল।
ছাড়া পোশাকের ভাঁজে
গোপন স্পর্শের মতো কখনও কখনও
থেকে যায় কারুর দৃষ্টির গহীনতা।
