প্রবাহ

                                        (দেব বন্দ্যোপাধ্যায়)

বড্ডো গুমোট কদিন
ফ্যানের হাওয়া গায়ে লাগছে না
বস্তাবোঝাই ট্রাক, মিনিবাসের যাত্রী
সবাই দাঁড়িয়ে ।
নদীর হা-কঙ্কাল সার
শেষ বিকেলে পাঁজরে বাতাস লাগলে
চিক চিক করে ওঠে বালি
ঠিকরে বেরিয়ে আসে
ছেঁড়া জুতো, প্লাষ্টিক ব্যাগের জরা।
হয়তো চাঁদের উত্তর গোলার্ধে
বইছে টলটলে সকাল,
হয়তো কেউ ভাঙছে তালা,
সাদা চুনকামের নিচে
আবঝা হয়ে আসছে দেয়াললিখন,
সেই গতবারের দেবীপক্ষে বন্ধ হয়েছিল
আমাদের চটকল,
তবু আজও কেমন যেন সচল
আগাছায় সরে সরে যায় সরীসৃপের প্রবাহ ..

Copyright © 2026 অপারবাংলা