Poem – KabitaOAmi

 

                             

                                 কবিতা ও আমি

                         (কাজী জহিরুল ইসলাম)

কবিতা আমাকে লিখে রাখে
কালের খাতায়
হেমন্তের ধূসর পাতায়
সে আমাকে সবুজ-গহনে আঁকে…
এখনো বোঝোনি তুমি সারারাত আমাকে জাগিয়ে রাখে কোন পরী
সাধ্য কী আমার লিখি তার নখের আঁচড়
কুন্তল কবরী
পৃথিবী পাবে না বুঝি কলিকাল পার হয়ে আবার দাপর?
সেই যুগে খুলে খুলে
আমাকে পড়বে ওরা,
বাতাসের এলোচুলে
গাছের শাখায় দুলে দুলে
গাইবে আমার
প্রেমানুভূতিপ্রবণ অপাপবিদ্ধ হৃদয়।

আমাকে লিখছে রোজ প্রেমহীন কবিতার বিষণ্ণ বিস্ময়;
মানুষের ভিড় থেকে কে আমাকে তুলে আনে,
কে আমাকে সাজায় রঙিন অক্ষরের বর্ণবিভায়,
ভবিষ্যপথযাত্রী বাতাসের কানে কানে
যে শ্লোক পঠিত হয় সূর্যপ্রণামে, শ্রদ্ধায়…

কে সে আমি ছাড়া
আমি এই বহমান পৃথিবীর অন্ধকার স্রোতধারা।

হলিসউড, নিউ ইয়র্ক। ৩০ জুলাই ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *