Poem – Sada Sofa

 

          সাদা সোফা আর দোল রং

                             (তাপস কুমার রায়)

সাদা সোফা কেনার পর থেকে

আমার আর দোল খেলা হয়না

কোনোদিন আগ বাড়িয়ে কাউকে

রং মাখিয়েছি মনেও পড়েনা

তবে তুমি আমায় মাখাতে এলে

তোমার শরীর আমি ক্যানভাস ভেবে

শিল্পীর নিমগ্নতায় রং লেপে দিয়েছি

ঠিক যেখানে যেমন পেরেছি।

 

facebook-এ এতো রঙিন ছবি দেখে এখন

ফাঁকা লাগে; জলসাঘরের জমিদারের মতো

সাদা সোফায় গিয়ে বসি। দামি সোফার ওম

নিতে নিতে নিজেকে

রাবণের সভায় হনুমান ভাবি।

গ্রে ইন্টেরিয়র, শুকনো কাঠের আসবাব,

হরিণের মৃত শিং – প্রাণহীন নিথর চারপাশ

আর ঢাউস কাঁচের জানালার ওপাশে

এক বসন্ত বৌড়ি হঠাৎ থেমে আমাকে দেখে

ভাবে; -পাথর-মানুষ শিব সেজে

কণ্ঠে করেছি গরল ধারণ।

 

আসলেই আমার সাদা সোফায় রং লাগানো বারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *