আকাঙ্ক্ষার পিলসুজ জেগে থাকে আমরন
(উদয় শংকর দুর্জয়)
ব্রাউনিশ মেঘফুল টানিয়ে রাখা দেয়াল থেকে উড়ে যায় শীতপ্রবাহের পাখি সমগ্র।
এখনো ট্রোগোনের সেইসব বৈঠকী বেহালায়, রোদ্দুর পুড়ে যায় অনাদরে। আর্য-অনার্য
খেলা শেষ হলে সত্যযুগের নদী-কল্লোল থেকে উঠে আসে পাতার প্রবাহ। আর যারা
খোঁজে অপাতিজা শহরের পালক মোড়া শতাব্দী, তাদের জন্য জমা থাক
ইউকা মাউণ্টেনের জমাট নিস্তব্ধতা আর সামুদ্রিক পৃষ্ঠা থেকে জ্বলে ওঠা আলোক তরঙ্গ।
এরোমেটিকা থেকে যতবার হারানোর সুগন্ধী খুলে দিয়েছে বুকের নকশী বোতাম,
ততবার গৃহত্যাগী অক্ষিগোলক পড়ে নিয়েছে জাহাজের কম্পাস। ওয়াইল্ড ফায়ারে
নিভে যাওয়া সেসব ফায়ারপ্লেসের আগুন, চুপচাপ আকাঙ্ক্ষার পিলসুজ
লুকিয়ে রাখে। লুকিয়ে রাখে ভাংগনের কক্ষপথে লেখা পতনের অতৃপ্ত সংসার।
এখন ট্রোজান-অশ্বপালের গল্প শুনতে শুনতে নিঃসঙ্গ প্লানেট খুলে বসে ছায়া পথের
অরণ্যদিন। মন সেই কবে ছেড়ে গ্যাছে ছায়াকাশের কার্নিভাল তবু ব্র্যাক আইল্যান্ডের
সেইসব জীবন্ত জল শুয়ে থাকে নিস্তব্ধতা পুষে। ভেতর দেয়াল যতটা নকশা পালটে গেথে রাখে।
