পোর্ট্রেট

(বিনায়ক বন্দ্যোপাধ্যায়)

পুরোনোদের চাও না তুমি কেবলমাত্র নতুন চাও?
অন্ধকারে একটা নদী
নেমে যদি না সাঁতরাও
কেমন করে বুঝতে পারবে ঢেউ কীভাবে জন্ম পায়
নতুন, আমার নতুন, দেখো
পুরোনোরাও তোমায় চায়
কিন্তু যদি চায়ও তাতে সত্যি বলতে তোমার কী
শহর থেকে গ্রামে এলাম, নিশ্বাসে তাই বাতাস নিই
তোমায় নেব ঘুমের মধ্যে স্বপ্নে রাখব দশ বছর
জানলা যদি বন্ধ করো, দরজা দিয়ে আসবে ঝড়
ঝড়ের পরে বৃষ্টি এলে, আপত্তি নেই তোমার তো?
মাঠের মধ্যে এসে দাঁড়াও মাঠ হয়ে যাক মর্মার্ত
তোমার নতুন পোর্ট্রেটে আজ প্রাচীন কোনও রঙ লাগুক
পুরোনো এক কলম তোমায় যাক দিয়ে যাক, নতুন সুখ

Copyright © 2026 অপারবাংলা