একটা বাক্স দুটো রং পেনসিল
(বীথি চট্টোপাধ্যায়)
ঘরটাকে ওরা শেষবার দেখে নিল
এখানে কখোনো আসবেনা আর ফিরে ,
একটা বাক্স ; দুটো রং পেনসিল
অনেক তফাত জম্মু ও কাশ্মীরে…
#
ঘোড়াগুলো ঠিক বুঝতে পেরেছে সব
যেতে চাইছেনা ; ছেড়ে জান পহেচান
ওরা তো বোঝেনা জম্মু ও কাশ্মীর
ঘোড়া তো জানেনা হিন্দু-মুসলমান ।
লম্বা সফর কঠিন পাহাড়ি পথে
হিমালয় ঢেলে দিয়েছে নিজের রূপ ;
পোষ্য এবং বউ বাচ্চাকে নিয়ে
মহল্লা ছেড়ে চলে গেছে ইউসুফ ।
কত ভাঙাচোরা ,চালচুলো খড়কুটো,
ছোট ঘর, কত বছরের সংসার
অনেককিছুই জম্মুতে ফেলে রেখে
দূরে চলে গেছে আসিফার পরিবার।
হিন্দুস্তান ছেড়ে চলে গেল নাকি?
এদিকে জম্মু ওইদিকে কাশ্মীর ,
রাত শেষ হলে আলো ফুটে ওঠে ঘরে
আলো তো বোঝেনা মসজিদ- মন্দির।
ইউসুফ আর ফিরবেনা জম্মুতে
লম্বা সফর ; বহুদূর মঞ্জিল
গ্রামের বাড়িতে ফেলে রেখে চলে গেলএকটা বাক্স দুটো রং পেনসিল।