আর একটা বছরের শুরু, আরও একবার নিজের শর্তে, নিজের খুশিতে বেঁচে নেওয়ার শপথ নেবার সময়। অপারবাংলা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। অপারবাংলা অষ্টম বছরে পড়লো। দীর্ঘ পথ অতিক্রম করেছে অপারবাংলা পরিবার আপনাদের সাথে।
এখন বড় সুসময় নয়। সত্যিই এক অদ্ভুত আঁধার নেমে এসেছে পৃথিবীতে। ক্ষমতালিপ্সু আর ধর্মোন্মাদদের দাপুটে পদচারণার ভারে ত্রস্ত সাধারণ মানুষের কান্না চাপা পড়ে গেছে ঝরা পাতার মতো। লোভ আর দখলদারীর সাম্রাজ্যে পাথুরে জমির বুক ফুঁড়েই তো একদিন উঁকি দিয়েছিল রক্তকরবী গাছ, বিদ্রোহের রঙ ছিল তার ফুলে। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ একশো বছর পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। আমরা আর এক রক্তকরবী ফুটে ওঠার অপেক্ষায় দিন গুনছি, যে রাজা’র চোখে চোখ রেখে বলতে পারবে, “আই অ্যাকিউজ”।
ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন চলছে গতবছর থেকে। ঋত্বিক ঘটক কেবল প্রতিভা নয়, এক স্পর্ধার নাম। এই স্পর্ধাটাই আজ বড় প্রয়োজন সর্বত্র। লেখায়, রেখায়, চলচিত্রে, সমাজে। নইলে বেনোজলের সামনে বাঁধ দেওয়া সম্ভব হবে না।
বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এমন অনেক মণিষীর জন্মের শতবর্ষ, সার্ধশতবর্ষ, এবং দ্বিশতবর্ষ উদযাপিত হবে বছরভর। বাংলা সাহিত্যকে সাধারণ মানুষের নাগালে এনে দিয়েছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সার্ধশতবর্ষে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। কবি সুধীন্দ্র নাথ দত্ত ভট্টাচার্য, কথাসাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পড়লেন একশো পঁচিশ বছরে, মহাশ্বেতা দেবী, কবি সুকান্ত ভট্টাচার্য, কবি ও কথাকার মণীন্দ্র গুপ্ত শতবর্ষে। জন্মবর্ষ উদযাপনের অর্থ এঁদের সাহিত্য এবং জীবনদর্শনের পুনর্মূল্যায়ণ, রচনার নিবিড়পাঠ। বিশ্বসাহিত্যে জ্যাক লন্ডন অতিক্রম করছেন সার্ধশতবর্ষ, মিশেল ফুকো, দারিও ফো, অ্যালেন গীন্সবার্গ পৌঁছলেন শতবর্ষে। প্রণাম জানাই এইসব নমস্য ব্যক্তিদের।
চলছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এত বিপুল সংখ্যায় পাঠকধন্য নয় পৃথিবীর আর কোনো বইমেলা। বাংলাসাহিত্যের এই উদযাপন আমাদের গর্বিত এবং আনন্দিত করে প্রতিবার।
বইমেলা চলাকালীন অপারাবংলা প্রথা মতো বছরের প্রথম সংখ্যা প্রকাশিত করে চলেছে বিগত কয়েক বছর ধরে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। উপনাস্যিকা, গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ, ফিচার, রম্য, অনুবাদ, ভ্রমণ, রান্নাঘর, বিনোদন বিভাগে পড়ুন অপ্রকাশিত লেখা, এখনকার বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত এবং নতুন লেখকদের নিয়ে। বইমেলার সাথে সাথে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এ পড়ুন অপারবাংলার জানুয়ারী সংখ্যা। আপনাদের মতামত আমাদের পত্রিকা কে সমৃদ্ধ করছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।
আনন্দ হোক!
শুভ নাথ
সম্পাদক
অপারবাংলা ত্রৈমাসিক বাংলা সাহিত্য পত্রিকা
