poem-aador

 আদর

গৌতম কুমার ভাদুড়ি

 

এতটুকু স্পর্শ শুধু আর কিছু নয় 

এই প্রার্থনায় 

কেটে গেছে কতগুলো মহার্ঘ বছর 

লক্ষ যুগ হয়ে গেছে পার

এটুকুতে এত লজ্জা, এত ভয় তার?

 

একুশ বছর পরে ফের দেখা হল যেই 

সে যেন নতুন কোনও জন

চাহনিতে তার 

সেদিনের সব ভয় সব ডর মুছে 

সপ্রতিভ অঢেল অপার।

 

সুতনু শরীরে তার খেলে যায় কত কিছু খেলা 

শান্ত দুটি চোখ যেন কত মায়াময় 

সেদিনের কালো চুলে একটি-দুটি রূপোলি নবীন

সে চুল উঠিয়ে দিতে বায়না করে কেউ?

লজ্জা নেই ওরে মেয়ে, নেই কোনও ভয়?

 

আমি তার মৃদু ঘুমে সারা মাথা বিলি কেটে যাই

কতকিছু ভাবি অন্যমন। অবাধ্য আঙুল

পরম আদরে তাকে করে তোলে একান্ত আপন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *