ধর্ম
বিভাস রায়চৌধুরী
যুদ্ধ কথাটা শুনলে আমার মন খারাপ হয়
দখল কথাটা শুনলে আমার মন খারাপ হয়
গলাধাক্কা কথাটা শুনলে আমার মন খারাপ হয়
আমার ধর্ম একটাই
আমার ধর্ম কবিতা
মন খারাপ হলে আমি সেইসব কবিদের খুঁজি,
যাঁদের তিন নম্বর চোখ ছিল আশ্চর্য প্রদীপ,
যে-প্রদীপের আলোয়
ভালবাসা ছাড়া আর কিছু নেই…
ঘৃণাকেও মাথায় হাত বুলিয়ে
ঘুম পাড়িয়ে দিতে পারে
যে-ভালবাসা!
হাতে-পায়ে পেরেক… মাথায় কাঁটার মুকুট…
সব যন্ত্রণা ভুলে এক কবি বলছেন—
“ঈশ্বর এদের ক্ষমা করো,
এরা জানে না এরা কী করছে।”
কবি বললেন আর ‘ক্ষমা’ শব্দটা অমর হয়ে গেল!
যুদ্ধ বাধাবার আগে শব্দটাকে খোঁজো…
প্রতিবেশীকে ভাল রাখতে বলেছেন আরেক কবি।
বলেছেন, “দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো,
যেন তুমি একজন গরিব কিংবা পথিক।”
এই কবি মনে করেছেন জীবনের মূল শব্দ ‘শান্তি’।
প্রতিবেশীর ঘরে আগুন লাগানোর আগে শব্দটাকে খোঁজো…
বিধর্মীকে গলাধাক্কা দেওয়ার আগে কবিদের কথা শোনো—
একজন বলেছেন, “ঘৃণায় কখনও ঘৃণা দূর হয় না।”
আরেকজন বলেছেন, “বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও।
কাউকে আঘাত কোরো না, জীবন সকল জীবের কাছেই প্রিয়।”
আরও একজন বলেছেন, “ঈশ্বর আর মানুষ আলাদা নয়।
মানুষকে ভালবাসলেই ঈশ্বরকে পাওয়া যায়।”
আলাদা আলাদা কবি…আলাদা আলাদা কথা…
আসলে কিন্তু একজনই কবি, একটাই কথা।
তার নাম ভালবাসা।
মার খেয়ে রক্তাক্ত ভালবাসাই শুধু বলতে পারে—
“মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?”
আলিঙ্গনই সবচেয়ে বড় যুদ্ধ
আলিঙ্গনই সবচেয়ে বড় দখল
আলিঙ্গনই ঘৃণাকে গলাধাক্কা দিয়ে
জীবন থেকে বের করে দিতে পারে যখন-তখন!
