অন্ধকারে কবিতাদি

(ইন্দ্রনীল সেনগুপ্ত)

 

গভীর অন্ধকারে ইলেকট্রিক মহিমা,

মনের অন্ধকারে বায়বীয় স্কোয়াড্রন;

ইচ্ছে করে মুচড়ে দিই ছন্দোবদ্ধ ডানা-

উড়ে যায় ভালোবাসা উড়ে যায় অন্ধকার,

হিসেব নিকেশ করে কবিতাদি লেখা

এ জীবনে আর হলো না।

আজীবন যুদ্ধে কেটেছে আমার,

যুদ্ধ নিজের সঙ্গে, বধ্যভূমি বারবার ডেকে

ক্লান্ত হয়ে পড়েছে, অস্তিত্ব জানিয়ে বলেছে

বাঁচার বাস্তব উপায় কেবল কল্পনা থেকে

দূরে সরে গিয়ে ভোরের ট্রেনের হুইসিল শোনা।

বাস্তবে কত কিছু আশ্চর্য ঘটে,

বিবাগী ভ্রমর নামে কলতলাতে,

শরীর স্ক্রাব করে মুলতানি মাটি

মেখে যৌবন ধরে রাখে তারা,

জীবনের প্রকৃত অর্থ যারা নিজের মতো বুঝেছে।

Copyright © 2026 অপারবাংলা