বয়ঃসন্ধির নাম পাপাই
(এলা বসু)
আর পাপাই আমার ছেলের বন্ধু
তার অনুগত , ভ্যাবাচ্যাকা , বিপর্যস্ত চাহনির নাম বয়ঃসন্ধি
গলির ক্রিকেট এর নাম পাড়া
সকাল , বিকেল পাড়ার বন্ধুদের
ডাকের নাম ছেলেবেলা..
ধুলোমাখা রক্তাক্ত পায়ে
ঘরে ফেরার পথে ,ঘাড় ঘুরিয়ে
“আবার কাল আসছিস তো ? “
বলার নাম প্রতিশ্রুতি
মুহুর্মুহু বাসা বদলের ফলে
বন্ধু হারানোর নাম বিচ্ছেদ
হঠাৎ রাস্তার মোড়ে
পুরোনো পাড়ার খেলার সাথীকে আলিঙ্গনের নাম জীবন
আর তাই আমার বাবাও
ব্যারাকপুর ছাড়তে পারেননি
সারাটা জীবন
মৃত্যুর আগেই নিজস্ব মৃত্যুতে তালি বাজানো দুরূহ
আর এই দুরূহকে আলিঙ্গন করার নাম
বাজি ll