চোরাবালি
…………….
মিঠুন চক্রবর্তী

প্রেমিক তো কাপাস তুলো। হাওয়ায় ওড়ে… ,
সুযোগ পেলেই বসে প‘ড়ে কদমের ডালে।
বাঁশিতে সুরের মূর্ছনা পাকিয়ে পাকিয়ে
টুপ্ টুপ্ ফেলে দেয় যুবতী যমুনার জলে

আমাদের খিটখিটে সনাতনদাও নাকি
কোনোকালে একদিন  
কদম–পাড়ায় বাঁশির ওস্তাদ ছিল, আজকাল 
বাজারের ব্যাগে যাবতীয় সবজির নীচে জ্যান্ত মাছ,
যেতে যেতে গাছের পাতার ফাঁকের আয়নাতে দ্যাখে
লালটুকটুকে পায়ের আঙুলে গেঁথে থাকা 
তীব্র বিষাদের তীর

প্রেমিক তো কাপাস তুলো। হাওয়ায় ওড়ে….
প্রতিটি প্রেমিকের ভেতরে পাতা চোরাবালি দিয়ে
ডুবে যায় এ পৃথিবীর এক ছেঁড়াখোঁড়া লোক

Copyright © 2026 অপারবাংলা