কাফন নগরী 

(ইকবাল হাসান)

আমাদের সামনের রাস্তা দিয়ে এইমাত্র চলে গেল
সাতখানা কাফনের কাপড়। ষ্ট্রেট শীতলক্ষ্যার দিকে।
জল তাদের ঠেলে দিলো কিনারায়।
তারও আগে আর একখানা কাফনের কাপড়, বয়সে
কিশোর, …তরুণ হতে না হতেই আমাদের এই ভয়ংকর
কাফন নগরীর এগলি ওগলি ঘুরে অবশেষে
শীতলক্ষ্যার ব্রিজের ওপর থমকে দাঁড়ালো।
ও  আরো কিছু কাফনের কাপড় সহসা
এখানে ওখানে উঁকি দিয়ে নিমেষে উধাও।
মাঠে ঘাটে, গঞ্জে হাটে, রাত-বিরেতে কিংবা দিনের আলোয়
এমন জাদুর খেলা দেখে দেখে এখন অভ্যস্ত নগরীর চোখ।

এই যে দূরের ভাই ,আমরা আপনাকেও চাই
আমাদের এই কাফন নগরীর জাদুদৃশ্যে আপনাকে স্বাগত জানাই।

Copyright © 2026 অপারবাংলা