লালের মানে তো আফ্রিকা হ’তেই পারে

(হাবিবুল্লাহ সিরাজী )

বীজ থেকে চারা তোলার জন্য
সবুজ ভগ্নির আগ্রহ চাই — কেশর সম্পর্কে ধারণার জন্য
সোনালী ভ্রাতার উৎসাহ প্রয়োজন —
মাতার বিষয়গুলো অতি প্রাচীন
এবং পিতা তার স্পর্ধার অগোচরেই
হীরকখনির অভ্যন্তরে…

বর্ণনা মেনে পোড়ামাটি তার হিস্যা চেয়েছিলো
সমন উল্টিয়ে দিয়ে সমতা চেয়েছিলো বন্টন
বিসর্জনের মুখে অর্জনের ঢাল তুলতেই
সীমানার চৌকিদার সম্মুখে দাঁড়ায় —
খাদের কিনারেই যে ক্ষুধা!

ফল থেকে বীজ করার জন্য
ক্রাচে ভর দিয়ে যে তদারকি করে
সে পরমায়ুর লোভ দিয়েছিলো,
আর পরমায়ুতো আয়ুরই এক সংস্করণ
জয় ও পরাজয়ের মধ্যবর্তী মৌলিক প্রশ্রয়!

সবুজ কিংবা সোনালী যা–ই হোক
তারও একটি মানে থাকা প্রয়োজন —
কালো নিয়ে কোনো সমস্যা নেই
তবে লালের মানে তো আফ্রিকা হতেই পারে!

Copyright © 2026 অপারবাংলা