poem-srimati-ayan-gharani

শ্রীমতী আয়ানঘরণী

প্রগতি বৈরাগী একতারা


তোমাকে শুনেছি ঢের, এইবার গূঢ়লিপ্সা বলি
সকল ধাহাব ছেপে আমি সেই নিকশ পাথর
বেহায়া অছিলাখানি পরেশান তবু নিতি বাজে
তোমাকে পড়তে গিয়ে কালখণ্ডে চরাচর কালি

বাঁশুরে আশিক নিধি, ভ্রমনেশা ফেরি করে খাও
মাধুরী নিলামে ওঠে নীপবীথি রসিকাসভায়
তোমাকে নেব না ভেবে প্রবল বাসনাদিনে একা
টলোমল ভেঙ্গে ফেলি। কী চতুর আমাকে বাজাও!

নিখাদ শ্যাওলাক্ষত, কিছুটা তড়িৎ ঘনঘোর
সারাদিন ওড়াওড়ি, নিভে এলে পুরানা জখমে
সহসা আউরে ওঠে। বাতিল টিনের ডালা মন
মরামাছ বুকে ধরে, অমলিন ফুরনো আতর-

এখনও নালের চোখে ফুটে আছে রুদালি কমল
আমি তাঁর বুকে শুয়ে, এই দ্যাখো, তোমাকে লিখেছি

1 thought on “poem-srimati-ayan-gharani

  1. ধ্রুপদে রণিত মল্হার
    শব্দের সখীভাবে সত্যের সার
    মুছে যায় ধারাপাতে এপার ওপার

    এসো অনন্তের নাও
    গুরুচন্ডালী দোষে আমাকে ভাসাও
    কি পাওয়ার ছিল কি পাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *