ফিল্ম রিভিউ
অদিতি বসুরায়
অজেয়া: স্পেশাল টাস্ক ফোর্স, সিরিজটি এ রাজ্যের তথা দেশের মেয়েদের সমকালীন অবস্থানের বাস্তব চিত্র তুলে ধরে। কেবল অত্যাচারিত মেয়েরা নয়, কর্মক্ষেত্রে মহিলা পুলিশ অফিসার থেকে চিকিৎসক – সবাইকেই যে সব পুরুষতান্ত্রিক টিকা টিপ্পুনীর মোকাবিলা করতে হয়, সেই চিত্রও দেখানো হয়েছে এই সিরিজে। কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছে, একটি মেয়ের নৃশংস হত্যা। পাকেচক্রে তিনি চিকিৎসক। এবং যে হাসপাতালে তিনি কাজ করতেন সেখানে ঘটা অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে চাওয়ার মাশুন হিসেবে , কর্মক্ষেত্রেই তাঁকে ধর্ষিত এবং খুন হতে হয়। ঘুণধরা সিস্টেমের প্রতিরোধ যাঁরাই করেছেন, বেশিরভাগেরই এই অবস্থা হতে দেখেছি আমরা। ইতিহাস সাক্ষী আছে, অন্যায়ের শেষ থাকে – অরাজকতাও শেষ হয় এবং সেই সঙ্গে তার মূল্য দিতে গিয়ে মরতে হয় তাদের, যারা, প্রতিবাদ করে। শাসক তাদের ভয় পায়, যারা প্রশ্ন তোলে।
শর্বরী ঘোষালের লেখা এই গল্পটিতে, স্বাভাবিক ভাবেই, সম্প্রতি আমাদের রাজ্যে ঘটে যাওয়া, এক বর্বরোচিত ঘটনার ছায়া পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। সেই সঙ্গে, রাজনীতির বোড়ে হিসেবে ব্যবহার হওয়া, প্রশাসনের নগ্নরূপ প্রকাশ পেয়েছে । একটি মেয়ে, সে চিকিৎসক , আমাদের ভবিষ্যতের কান্ডারি তাকে ক্রমাগত ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যাতে তার পরিণতি দেখে, আর কেউ সোচ্চার না হতে পারে সরকারি সিস্টেমের অনাচারের বিরুদ্ধে । এবং যেভাবে তাকে হত্যা করা, সেই হাড়হিম করা নৃশংসতার তুলনা মেলা কঠিন। তবে এমন অন্ধকারেও রূপোলি রেখা মেলে – এ সি পি দামিনী সেনের ভূমিকায়। এই সিরিজে তিনিই একমাত্র উজ্জ্বল উদ্ধার। নির্মম শাসক এবং নীতিহীন সমাজ ব্যবস্থার কারণে, যেভাবে মেয়েটিকে মরতে হয় – তা দেখতে দেখতে কেবল চিৎকার উঠে আসে গলা চিরে! কান্নার চৌহদ্দি পেরিয়ে গর্জনের অভিমুখে নিয়ে যায়, এই সিরিজ। পরিচালক অয়ন চক্রবর্তী যেভাবে আর জি করের ঘটনাকে চিত্রনাট্যে তুলে এনেছেন, শর্বরী ঘোষালের সঙ্গে, তাতে বোঝা যায়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং গবেষণায় ফসল, এই সিরিজ । অসম্ভব ভাল কাজ করেছেন, কলাকুশলীরা। অফিসার দামিনী সেনের চরিত্রে অভিনেত্রী সোহিনী সরকার দুর্দান্ত কাজ করেছেন। তাঁর চাপা ক্রোধ, প্রতিবাদের ইচ্ছে সবটাই অত্যন্ত পরিমিত ভঙ্গীতে প্রকাশ পেয়েছে। তাঁর টিম মেম্বার হিসেবে যাঁরা কাজ করেছেন, তাঁরাও প্রশংসার যোগ্য । জুনিয়র চিকিৎসকের চরিত্রে শিরিন পালের তুলনা নেই। সংলাপ এবং নির্বাক – দুই জায়গাতেই তিনি যথাযথ। অত্যাচারের দৃশ্য দেখার সময়ে, চোখ মুছতে বাধ্য হন দর্শক। নবারুণ ঘোষের মিউজিক আরেঞ্জমেন্ট ছবির আবহকে শক্তিশালী করে। সিরিজটি হইচইতে স্ট্রিমিং হচ্ছে।
