আলাদিন ও কিস্যা চিরাগ কা
শমীক জয় সেনগুপ্ত
শীত শহরে তোমাকে বহুকাল দেখিনা আলাদিন
প্রদীপ হাতে এখনও কি ঘুরে বেড়াও এ পাড়া ও পাড়া
ফুঁ দেওয়ার আগেই যে চা ঠাণ্ডা হয়ে যায়
আর ফাটা ঠোঁট গোড়ালি খুঁজে নেয় বোরোলিন বিলাস
তাদের হয়ে তোমাকে একটা দিন উপহার দেবো
ইচ্ছে পোষা দিনগুলোকে যা রঙিন করে তোলে
আর অনিচ্ছার দাগগুলোকে ভ্যানিশ করে দেয়
আলগোছে
সেই শহুরে হাওয়ায় তোমার জন্য সাজাবো পাতার সংলাপ
মন নেতিয়ে গেছে বলে বন্ধ করেছ হাত ঘষাঘষি
কান ঢেকে নিয়েছো মাফলারে
এসবের মাঝখানেই
তোমাকে একটা শৈত বিকেল উপহারে দেবো
স্নেহজল ধরে রাখা অতিবৃদ্ধ ইন্দ্রজাল বুনে
তোমাকে নিজের কাছে গচ্ছিত রেখে
নিজের শরীর খাঁজে হয়ে উঠি কল্পকাম-তরু
উপহারে উপহারে ভর্তি করে দেবো যদি আজ
একবার ছুঁয়ে দেখো
হাত না ছোঁয়ালে শুধু চিরাগের খোল পড়ে থাকে
জাদু-টাদু উবে যায় অকারণে অবজ্ঞা পেলে
