Poem – Phele asha Muhurter Kotha

 

                     

         ফেলে আসা মুহূর্তের কথা 

                             (শ্যামশ্রী রায় কর্মকার )

এখন বিকেল শেষ প্রায়

কয়েকটি তরুণ বক কচুরিপানার গায়ে 

বসে আছে নাতিদীর্ঘ কবিতার মতো,

অনিঃশেষ ছায়া ফেলছে মৎস্যকন্যাদের শরীরে, 

উদাসীন ঠোঁটের আড়ালে 

ঢেকে রাখছে ক্ষুৎচিহ্ন,লোভের রক্তিম 

 

মনখারাপের উরু বেয়ে নেমে আসা সূর্যাস্তের আলো 

বাঁক নিয়ে চলে যাচ্ছে  পুরনো গানের দিকে 

সংসারের দানা মুখে ফিরে আসছে গৃহস্থ পাখিরা

সাইকেল রিকশা থেকে উড়ে যাওয়া  নক্ষত্র আঁচল 

স্বহস্তে বিলিয়ে দিলো প্রায়সন্ধ্যার কিছু অলৌকিক গুঁড়ো 

আমার হাতের পাতা জুড়ে 

এইসব আলোছায়া, মোহ-দ্বেষ, জন্ম-মৃত্যু দাগ 

প্রেমিকার ওড়নার নিখিল থেকে মুখ তুলে তুমি তাকাতেই 

বেজে উঠলো অলৌকিক গং 

শূন্যতা ছড়িয়ে গেলো দিকচক্রবালে

আমার অতীতপৃষ্ঠা মুক্তো হয়ে গ্যাছে, শরীর ঝিনুক 

আমাদের মাঝখানে স্মৃতিভষ্ট হয়ে যাওয়া ঘাস

ছেড়ে আসা মধুকর, চাঁদের যৌবন 

তোমার সোনালি গ্রীবাদেশ 

সমস্ত অতৃপ্ত শব্দ সেখানেই থমকে আছে, এগোতে পারেনি

5 thoughts on “Poem – Phele asha Muhurter Kotha”

  1. সুন্দর লাগলো। ‘কচুরি পানার মতো’ ? শুভেচ্ছা ..☺

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *