poem-scan

স্ক্যান

শ্যামশ্রী রায় কর্মকার 

 

গণসংগীত আর ফরাসি কবিতার মাঝখানে 

নিদ্রার সুড়ঙ্গপথ 

পঙক্তির কাঠামোগুলি অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে তোমার ব্রেনের ছবি এরকম 

স্ক্যানযোগ্য নয় 

 

স্ক্যানের ছেলেটি তবু মুখোমুখি এসে 

লবণের চোখদুটি পড়তে চাইছে 

 

সেরিব্রামের শহরে 

কত যুগ আগেকার ধ্বংসস্তূপ ধরে আছ, কততম জীবাশ্ম সন্ধান কর 

এসব প্রশ্নের মুখে তিরতিরে হাত মেলে 

মিছরি দানার মতো স্তব্ধতার খণ্ডগুলি 

ধ্রুপদী ছাঁদের বাক্যে ভরে খাপ এঁটে দাও তুমি 

ছন্দ পড়ে ভাব, এও খাঁচা 

 

তোমাকে ঘিরেছে যত যুদ্ধের হুংকার 

বোমার পেরেক গাঁথা দেওয়ালে দেওয়ালে তুমি সারাটি জীবন 

শব্দে শব্দে ডেভিডের স্নান দৃশ্য ফোটাতে চেয়েছ এটুকু তোমার সংগোপন, অহংকার 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *