poem-sunte-pachhe-manush

শুনতে পাচ্ছ মানুষ 

নন্দিনী নাগ 

 

বাঘনখ দিয়ে চিরে দাও, দু’ফালা করে ফেলো

স্বদেশের শরীর।

হৃদয়ের গভীর থেকে তুলে আনো কোমলতা,

নিক্ষেপ করো হিংসার আগুনে

যেখানে ছাই হয়ে আছে ভালবাসা।

 

খুঁজে আনো পুরনো যত খতিয়ান

কবে কী কোথায় ভেঙেছিল মুসলমান

কটা মন্দির ভেঙেছে দুর্বৃত্তরা 

কত হিন্দুর রায়টে গিয়েছে প্রাণ।

 

কত মসজিদ ভেঙেছে বর্বর না-পাক

জ্বালিয়েছে ঘর কত হিন্দু শাসক

হোক সে পুরনো শতাব্দী-প্রাচীন কথা

আজকে হিসাব সব কিছুরই হোক।

 

দুই পাশে দুই ধর্মরাষ্ট্র থাক

মাঝখানে থাক দাফন এবং শ্মশান

কে-ই বা সেথায় জ্বালায় সন্ধ্যাবাতি

কে-ই বা দেয় সকাল-বিকেল আজান!

 

ধর্মরাষ্ট্রে  অসুখ-বিসুখ নেই 

আসমান থেকে খাদ্যবৃষ্টি হয়

শিক্ষা-টিক্ষা এসব বড় বালাই 

ফালতু কাজে নেই তো আয়ুক্ষয়।

 

মানুষ কোথাও কাঁদছে না

 মানুষ বেঁচে নেই কোনোখানে 

মানুষ কিভাবে পাথরজন্ম পায়

এই পৃথিবীর সব ইমারত জানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *