চীনের শাওলিন টেম্পল: কুংফুর জন্মভূমিতে একদিন
স্বাতী দে
শাওলিন মন্দিরের আধুনিক বিশ্ব খ্যাতি জন্ম নিয়েছে নিঃশব্দ ধ্যান কক্ষের অন্ধকারে নয়, বরং সেই নিঃশব্দতাকেই বিশ্ব মঞ্চের আলোয় তুলে ধরার মধ্য দিয়ে। প্রাচীন সাধনা যখন সিনেমার পর্দায় এসে দাঁড়াল, তখনই শাওলিন হয়ে উঠল শুধু এক নাম নয়—বরং এক প্রতীক।
সত্তরের দশকে ব্রুস লি। তারপর জ্যাকি চ্যান, জেট লি। তাদের ঘুষি, লাথি, শরীরের ভাঁজে ভাঁজে লেখা শৃঙ্খলা আর আত্মসংযম—সব মিলিয়ে কুংফু হয়ে উঠল রহস্যের ভাষা। আর সেই ভাষার উৎস হিসেবে পশ্চিমা বিশ্বের চোখে প্রথমবার জ্বলে উঠল ‘শাওলিন’। হলিউডের পর্দায় ধোঁয়ার ভেতর দিয়ে ছায়ার মতো এগিয়ে আসা সন্ন্যাসী, ঘণ্টাধ্বনি আর লোহার দরজা—এইভাবেই সিনেমা আমাদের প্রথম পরিচয় করিয়েছিল শাওলিনের সঙ্গে।
তবে শাওলিন মন্দির আর ভারতের সম্পর্কটা কেবল ইতিহাসের পাতায় বা হলিউডের পর্দায় সীমিত নয়। এটা এক আধ্যাত্মিক সেতু—যার এক প্রান্তে বোধিধর্ম, অন্য প্রান্তে গঙ্গার তীর। যুগের পর যুগ ধরে যে সেতুতে চলাচল করেছে ধ্যান, দেহচর্চা, শ্বাস আর নীরবতা।
চীন ভ্রমণে এসে শাওলিন মন্দিরে যাব না—এটা ভাবাই যায় না। তাই ব্যস্ত সফরের ফাঁকে একদিন আলাদা করে রেখেছিলাম শাওলিনে গিয়ে একটু শান্তি খুঁজব বলে। কে জানে, হয়তো নিজের মধ্যেই কিছু হারানো শব্দ ফিরে আসবে।
বিকেলের আলো তখনও পুরোপুরি ক্লান্ত হয়নি। পশ্চিম আকাশে রোদ যেন একটু হেলান দিয়ে বসেছে। সেই আলোয় আমরা এসে পৌঁছালাম ঝেংঝৌ—চীনের হেনান প্রদেশের রাজধানী।
শিয়ান থেকে বুলেট ট্রেনে ঝেংঝৌ মাত্র দু’ঘণ্টার পথ। কিন্তু সেই পথ যেন শুধু দূরত্ব মাপে না—সময়কেও গুনে নেয়।
শিয়ান স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটার দিকে তাকিয়ে আমার সঙ্গী হেঁসে বলল, “এটা ট্রেন না, স্পেসশিপ?”
আমি কিছু বললাম না। মনে হচ্ছিল, এ যেন সত্যিই ভবিষ্যৎ থেকে এসে একটু থেমেছে। দীর্ঘ, মসৃণ সাদা শরীর। গায়ে নীল রেখার টান। কোনো বাড়তি শব্দ নেই, কোনো অস্থিরতা নেই। দরজা খুলতেই এক দমকা ঠাণ্ডা বাতাস মুখে এসে লাগল। মনে হল—ভ্রমণটা আসলে শুরু হয়ে গেল ভেতরে পা রাখার আগেই।
সিটে বসে জানালার বাইরে তাকাতেই ট্রেনটা চলতে শুরু করল। ঝাঁকুনি নেই। শব্দ নেই। শুধু গতি—ধীরে, নিশ্চিতভাবে বাড়ছে। শিয়ানের দৃশ্যগুলো পিছিয়ে যেতে লাগল। হাজার বছরের পুরনো প্রাচীর, আধুনিক উঁচু ভবন, ব্যস্ত রাস্তা—সব মিলিয়ে মনে হচ্ছিল কেউ ইতিহাসের অ্যালবামের পাতা উল্টে দিচ্ছে।
ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের পৃথিবী বদলে যেতে লাগল। সবুজ ক্ষেত। ছোট ছোট গ্রাম। সারি সারি গাছ—যেন প্রকৃতি নিজেই লাইনে দাঁড়িয়ে আমাদের বিদায় জানাচ্ছে। ঘণ্টায় প্রায় সাড়ে তিনশো কিলোমিটার বেগে ছুটছে, অথচ ভেতরে বসে তা বোঝার কোনো উপায় নেই। কাপের চা নড়ে না। হাওয়ার শব্দ নেই। যেন শুধু সময়টাই ছুটছে।
কখনো সুড়ঙ্গ—এক মুহূর্তে অন্ধকার, পরমুহূর্তেই আলো। এই আলো-অন্ধকারের খেলায় হঠাৎ মনে হল, আমি শুধু জায়গা বদলাচ্ছি না—ইতিহাসের এক অধ্যায় পেরিয়ে অন্য অধ্যায়ে ঢুকে পড়ছি। শিয়ানের সহস্রাব্দ-পুরোনো স্মৃতি পেছনে রেখে এগোচ্ছি ঝেংঝৌয়ের আধুনিক বাস্তবতায়।
ঝেংঝৌ এমন এক শহর, যেখানে অতীত আর বর্তমান পাশাপাশি হাঁটে। প্রাচীন সভ্যতার শিকড় মাটির গভীরে, আর আধুনিক চীনের গতি আকাশ ছোঁয়ার চেষ্টায় ব্যস্ত।
শাওলিনে যেতে হলে ঝেংঝৌ দিয়েই যেতে হয়। তাই ঠিক হল আজ রাতটা এখানে কাটিয়ে কাল যাবো শাওলিনের পথে।
ঝেংঝৌয়ের খুব কাছ দিয়েই বয়ে গেছে হুয়াং হে—হলুদ নদী, চীনা সভ্যতার মাতৃনদী। এই অঞ্চল শুধু ভূগোল নয়—এ এক স্মৃতি-ভূমি। শাং রাজবংশের ছায়া আজও এখনকার বাতাসে ভাসে। আধুনিক শহরের পায়ের নিচে চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস।
আর তারপর—খুব নিঃশব্দে—শহরের প্রান্তে জন্ম নিল এক অন্যরকম সাম্রাজ্য।
তাইওয়ানে জন্ম নেওয়া ফক্সকন কোম্পানী এখানে এসে শুধু কারখানা বানায়নি, বানিয়েছে এক নতুন জীবন ছন্দ। ঝেংঝৌর মাটি যেন প্রস্তুতই ছিল—সহিষ্ণু, বিস্তৃত, শ্রমের ভার নিতে অভ্যস্ত।
মাঠ আর ফাঁকা জমির জায়গায় দাঁড়িয়ে গেল ধূসর ভবন। গেট। নিরাপত্তা চৌকি। অসংখ্য জানালা—যেন এক আধুনিক দুর্গ। মানুষ আসতে লাগল দূরদূরান্ত থেকে। গ্রাম থেকে। ছোট শহর থেকে। কারও চোখে স্বপ্ন। কারও পেটে ক্ষুধা।
ভোরের আলো ফোটার আগেই শুরু হতো শিফট। একটানা চলা অ্যাসেম্বলি লাইনে মানুষের আঙুল ছুঁয়ে যেত পৃথিবীর সবচেয়ে পরিচিত বস্তু—একটি আইফোন। ঝেংঝৌ তখন আর শুধু প্রাচীন রাজধানী নয়—সে হয়ে উঠল “আইফোন সিটি”। একদিকে হলুদ নদীর ধীর স্রোত। অন্যদিকে কনভেয়র বেল্টের অবিরাম গতি। একদিকে শাওলিনের ধ্যান। অন্যদিকে যন্ত্রের নিখুঁত পুনরাবৃত্তি।
ফক্সকন যেন শহরটাকে নতুন ভাষা শিখিয়ে দিল। এখানে সময় মানে মিনিট, নীরবতা মানে দক্ষতা, আর স্বপ্ন মানে নির্ভুলতা।
রাতে, শিফট শেষ হলে, হাজার হাজার আলো একসঙ্গে নিভে যায়। শহর আবার শ্বাস নেয়।
দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যায়। ঝেংঝৌ যেমন ছিল, এখনও তেমনই এক যাত্রাপথের শহর। পার্থক্য শুধু—আজ এখান থেকে শুধু মানুষ নয়, পুরো পৃথিবীর প্রযুক্তি যাত্রা শুরু করে।
ঝেংঝৌ স্টেশন থেকে খুব কাছেই আমাদের হোটেল। বাইরের ব্যস্ততাকে পেছনে ফেলে ভেতরে ঢুকতেই মনে হল—অন্য এক জগৎ। সাদা চাদরের বিছানা। নরম আলো। জানালার বাইরে ট্রাফিকের ক্ষীণ টিমটিম লাইট। সব মিলিয়ে সময় যেন হঠাৎ করেই ধীরে চলতে শুরু করল।
এক কাপ গরম চা হাতে নিয়ে বাইরে বারান্দায় এসে বসলাম। হালকা বাতাস বইছে। তার সঙ্গে ভেসে আসছে বৃষ্টি-ভেজা কংক্রিটের এক চেনা, শান্ত গন্ধ—যেন শহর নিজেই দীর্ঘশ্বাস ফেলছে। দূরে আলো-ঝলমলে রাস্তা, কিন্তু এখানে নিস্তব্ধতা। মনে হল, এই মুহূর্তে ঝেংঝৌ একটু থেমে দাঁড়িয়েছে।
রাতে ডিনারটা হোটেলেই সেরে নিলাম। খুব বেশি কথা হয়নি। সারাদিনের যাত্রা শরীরকে ক্লান্ত করেছে, কিন্তু মন যেন অদ্ভুতভাবে জেগে আছে—কাল শাওলিন।
ভোরে ঘুম ভাঙল অস্বাভাবিক তাড়াতাড়ি। জানালার পর্দা সরিয়ে দেখি, সূর্যের আলো তখন দিগন্তের রেখা ছুঁয়ে দেখছে মাত্র। আকাশে ফিকে নীল, যেন দিনের জন্মলগ্ন। ঝেংঝৌকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম শাওলিনের পথে।
শহরের সীমা পেরোনোর সঙ্গে সঙ্গেই দৃশ্য বদলাতে শুরু করল। রাস্তার পাশে ধুলো-মাখা ক্ষেত, বয়ে চলা ছোট নদী, বাঁশে ঘেরা গ্রাম—সব মিলিয়ে এক ধীর, গ্রাম্য ছন্দ। দূরের পাহাড়ের সবুজ ধীরে ধীরে গাঢ় হচ্ছে, আর কুয়াশা পাহাড়ের গায়ে লেপ্টে এক স্বপ্নময় আবহ তৈরি করছে। মনে হচ্ছিল, আমরা শুধু জায়গা বদলাচ্ছি না—সময়ের গতি কমিয়ে দিচ্ছি।
হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে ছোট ছোট কুংফু স্কুল। পাথরের উঠোনে ছেলেমেয়েরা লম্বা লাঠি ঘোরাচ্ছে। হাত-পা এক ছন্দে নড়ছে—একটুও এদিক-ওদিক নয়। কখনও কেউ ক্লান্ত হয়ে মাটিতে বসছে, চোখ বুজে শ্বাস নিচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। ওদের জীবনে কোনো আড়ম্বর নেই। নেই অতিরিক্ত কথা। আছে শুধু সমর্পণ।
টিচাররা পাশে দাঁড়িয়ে। কেউ নির্দেশ দিচ্ছে না—শুধু দেখছে। সেই দেখা যেন কথা বলার থেকেও কঠিন। এখানে শরীরই ভাষা, ঘামই উত্তর।
আশেপাশে বেশ কিছু বৌদ্ধ সন্ন্যাসী চোখে পড়ল। সবাই এখানকার বাসিন্দা। স্কুলের চারপাশে ছোট ছোট ঘর, কয়েকটা দোকান, দু-একটা রেস্তরাঁ—একটা ছোট জগৎ। বিশেষ করে চোখে পড়ল ছাত্রদের অনেকেই পশ্চিমী দেশের। ইউরোপ, আমেরিকা সহ আরো অনেক দেশ থেকে এখানে এসেছে কুংফু শেখার জন্য।
গাড়ি ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করল। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা মন্দির তখনও কুয়াশার চাদরে ঢাকা। বাতাসে পাইন পাতার গন্ধ। দূরে কোথাও যেন ঘণ্টার মৃদু ধ্বনি—অদৃশ্য, অথচ স্পষ্ট। মনে হল, এখানে দিনের শুরু ঘড়ি দেখে নয়; নীরবতা দিয়ে মাপা হয়।
শাওলিন মন্দির সঙশান পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত—চীনের পাঁচ পবিত্র পর্বতের একটি। এই পাহাড় যেন মন্দিরকে আগলে রেখেছে। বাইরের পৃথিবীর অস্থিরতা, কোলাহল, তাড়া—সব কিছুকে দূরে ঠেলে রাখার দায়িত্ব নিয়েছে সে। লাল দেওয়াল, ধূসর ছাঁদ, কাঠের সূক্ষ্ম খোদাই—সব কিছুতেই সংযম। কোনো রাজকীয় জাঁকজমক নয়। এ যেন সাধনার নীরব আশ্রয়।
মন্দিরের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সব কিছুর ছন্দ হঠাৎ থেমে গেল। পাথরের সিঁড়ি। প্রাচীর। ঘণ্টাধ্বনি। দূরে ছাত্রদের অনুশীলনের শব্দ। সব মিলিয়ে এক সুন্দর বাতাবরণ।
এটা শহরের তাড়াহুড়ো থেকে প্রাচীন নীরবতার যাত্রা। আধুনিকতা থেকে আধ্যাত্মিকতায় ধীরে ধীরে ঢুকে পড়া। প্রতিটি পদক্ষেপ যেন আমাদের শাওলিনের শক্তির সঙ্গে একটু একটু করে গেঁথে দিচ্ছে।
পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে পড়ল—এই জায়গার বয়স দেড় হাজার বছরেরও বেশি।
৪৯৫ খ্রিস্টাব্দ। উত্তর ওয়েই রাজবংশের সম্রাট শিয়াওওয়েন। ধর্মপ্রাণ এক শাসক, যিনি বৌদ্ধধর্মকে দেখেছিলেন রাষ্ট্রের আত্মা হিসেবে। তাঁর ইচ্ছাতেই পাহাড়ের কোলে গড়ে উঠেছিল এই মঠ—যেখানে ধ্যানের মধ্য দিয়ে সন্ন্যাসীরা অর্জন করবে নিজেদের শক্তি।
তখন কুংফু ছিল না। ছিল শাস্ত্রপাঠ। ধ্যান। আত্মশুদ্ধির কঠিন অনুশীলন।
কিন্তু এত জায়গা থাকতে পাহাড়ের কোলেই কেন? প্রশ্নটা আমার মাথায় ঘুরছিল অনেকক্ষণ ধরেই।
শেষমেশ আমাদের গাইড লুয়াংকে জিজ্ঞেস করলাম।
লুয়াং একটু হেঁসে বলল, “পাহাড় মানেই নিস্তব্ধতা। পাহাড় মানেই নিরাপত্তা। পাহাড় মানেই এমন এক পরিবেশ, যেখানে মন নিজের সঙ্গে থাকতে শেখে। সন্ন্যাসীরা বিশ্বাস করতেন—ভিড়ের মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। পাহাড় মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে। তাই শাওলিন—সঙশান পর্বতের বুকে।”
তারপর ষষ্ঠ শতকে ভারত থেকে এলেন ভিক্ষু বোধিধর্ম—যিনি ইতিহাসের দিক বদলে দিলেন।
তাঁর হাত ধরেই শাওলিনে চ্যান বৌদ্ধধর্মের বিকাশ—যা পরে জাপানে ‘জেন’ নামে পরিচিত হয়। দীর্ঘ ধ্যানে সন্ন্যাসীদের শরীর দুর্বল হয়ে পড়ছিল। বোধিধর্ম বুঝেছিলেন—শুধু মন নয়, শরীরকেও প্রস্তুত করতে হবে। সেই প্রয়োজন থেকেই শুরু হল শরীরচর্চা। আর সেখান থেকেই জন্ম নিয়েছিল কুংফু।
শাওলিন কুংফুর জন্ম কোনো যুদ্ধ ক্ষেত্রে নয়। এর জন্ম ধ্যান ঘরে। শরীরকে মনের সহযাত্রী করার প্রয়োজনে ধীরে ধীরে গড়ে উঠল অনুশীলনের নিয়ম। সুই ও তাং রাজবংশের সময়ে তা পূর্ণাঙ্গ মার্শাল আর্টের রূপ নিল। এখানে কুংফু আঘাতের ভাষা নয়—এ এক সংযমের ভাষা।
মন্দির প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, দেয়ালগুলোও কথা বলছে। ধূপের গন্ধ বাতাসে ভাসছে। কোথাও ঘণ্টার মৃদু শব্দ। এক কোণে কয়েকজন শিক্ষার্থী অনুশীলনে ব্যস্ত। প্রতিটি আঘাত নিখুঁত। প্রতিটি ভঙ্গি নিয়ন্ত্রিত। শক্তির কোনো অহংকার নেই—আছে শুধু শৃঙ্খলা আর নিষ্ঠা।
নির্ধারিত সময়ে আমরা পৌঁছলাম শাওলিন মন্দিরের কুংফু শো দেখতে। এটা কোনো প্রদর্শনী মাত্র নয়—এ শরীর, শ্বাস আর শৃঙ্খলার জীবন্ত দলিল।
মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সন্ন্যাসী ও ছাত্ররা। প্রথমে নীরবতা। তারপর একসঙ্গে এগিয়ে আসা। চলন নিখুঁত। চোখ স্থির। শরীর যেন ইস্পাত আর জল—একসঙ্গে কঠিন ও প্রবহমান।
খালি হাতে শুরু—ঘুষি, লাথি, লাফ—সব কিছু এক ছন্দে। তারপর অস্ত্র—লাঠি, তলোয়ার, বর্শা। ধাতুর ঝলক, বাতাস কেটে যাওয়ার শব্দ।
প্রতিটি নড়া-চড়া বলে দেয়—এ বছর নয়, যুগের সাধনা। কখনও কেউ শ্বাসের জোরে ভারসাম্য ধরে রাখছে। কখনও আবার শরীরকে এমন ভাবে ভেঙে নেয়, মনে হয়—মানুষ নয়, নদী বয়ে যাচ্ছে।
এরপর শক্তির প্রদর্শনে সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত আসে। দেহের উপর ইট রাখা। লোহার রডের আঘাত পড়ে তার উপর। ধাতু কেঁপে ওঠে। ইট ভেঙে যায়। কিন্তু এক চুলও নড়ে না শরীর।
এরপর আসে পেটে বর্শার চাপ—ধাতুর ফলায় শরীর বেকে যায়, কিন্তু মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই। চোখে আতঙ্ক নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। সেই মুহূর্তে হঠাৎ বোঝা যায়—এটা শক্তির দম্ভ নয়। এটা শক্তির সংযম।
তখন স্পষ্ট হয়ে ওঠে—কুংফু এখানে লড়াই নয়। এ এখানে মনকে শাসন করার শিল্প।
শো শেষ হলে দর্শকদের হাততালি উঠল—উষ্ণ, দীর্ঘ। কিন্তু সেই শব্দের নিচে রয়ে গেল আরেকটি স্তর—এক গভীর নীরবতা। যেন কিছু বলা হয়ে গেছে, যেটা শব্দে আর ধরা যায় না। শাওলিনের কুংফু শো দেখে মনে হয়—এটা কেবল চোখে দেখার অভিজ্ঞতা নয়, ভেতরে অনুভব করার ঘটনা। কুংফু এখানে প্রদর্শনী নয়; প্রার্থনার মতোই স্বাভাবিক, শ্বাসের মতোই প্রয়োজনীয়।
এই জায়গায় দাঁড়িয়ে বারবার মনে পড়ল ব্রুস লির কথা। তিনি কখনো শাওলিনে আসেননি। এখানকার সন্ন্যাসীও ছিলেন না। তবু তাঁর জীবন দর্শনের সঙ্গে শাওলিনের মিল এত গভীর কেন?
শাওলিন বলে—শরীর ও মনের ঐক্য জরুরী।
ব্রুস লি বলেছিলেন—“জলের মত হও।”
পাহাড়ের ঢালে অনুশীলনরত সন্ন্যাসীদের দিকে তাকিয়ে মনে হল, এই ‘জল হয়ে যাওয়ার’ পাঠ এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শেখানো হচ্ছে—নামহীনভাবে, নিঃশব্দে। কোনো ঘোষণা নেই, কোনো স্লোগান নেই। শুধু অনুশীলন, শুধু শ্বাস, শুধু থাকা।
এরপর হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছলাম মন্দিরের পিছনের দিকে। এখানে রয়েছে প্যাগোডা ফরেস্ট। এখানে গাছ নেই—আছে শত শত স্তূপ। বাতাসে পাতা ঝরে না, ঝরে শুধু শতাব্দীর স্মৃতি।
এই বন আসলে শাওলিনের মহান ভিক্ষু ও আচার্যদের সমাধিক্ষেত্র। সপ্তম শতকে তাং রাজবংশের সময় থেকে শুরু করে মিং ও চিং যুগ—প্রায় দেড় হাজার বছরের ইতিহাস এখানে পাথরে লেখা। এখানকার প্যাগোডা কোনো জীবনের শেষ নয়; বরং সাধনার পূর্ণতা।
প্যাগোডাগুলোর উচ্চতা এক নয়। স্তরের সংখ্যা আলাদা। অলঙ্করণও ভিন্ন। যাঁরা ছিলেন উচ্চপদস্থ বা বিশেষ কৃতিত্বসম্পন্ন ভিক্ষু, তাঁদের প্যাগোডা তুলনামূলক উঁচু। কোথাও খোদাই করা ড্রাগন, পদ্ম, মেঘ। কোথাও সম্পূর্ণ নিঃশব্দ সরলতা। এই ভিন্নতাই বলে দেয় শাওলিনে মহত্ত্ব বাহ্যিক জাঁকজমকে মাপা হতো না। মাপা হতো ধ্যান, জ্ঞান আর শৃঙ্খলায়।
শত শত পাথরের স্তূপ। নাম নেই। অহংকার নেই। এখানে কোনো বীরত্বের ঘোষণা নেই, আছে শুধু সাধনার চিহ্ন।
মনে হয়, প্রকৃত যোদ্ধারা এখানেই শুয়ে আছেন। যাঁরা যুদ্ধ জেতেননি, নিজেদের জিতেছিলেন।
শাওলিন মন্দিরে এসে কুংফুর গতি চোখে পড়ে। আর প্যাগোডা ফরেস্টে এসে বোঝা যায় সব গতির শেষ ঠিকানা – নীরবতা।
বিকেলের আলো নামতে শুরু করতেই পাহাড়ের ছায়া লম্বা হতে লাগল। পর্যটকদের ভিড় ধীরে ধীরে কমে এলো। সেই ফাঁকা, নিস্তব্ধ মুহূর্তে শাওলিন যেন নিজের আসল রূপ দেখাল। তখন আরও স্পষ্ট হল—কেন ব্রুস লির মতো শৈলীভাঙা এক যোদ্ধাও এই ঐতিহ্যের উত্তরসূরি। শাওলিন কখনো কৌশলের কারাগার ছিল না। এ ছিল স্বাধীনতার পাঠশালা।
ফেরার পথে মনে হল, আমরা শাওলিনে কুংফু দেখতে আসিনি। আমরা দেখতে এসেছি শৃঙ্খলার সৌন্দর্য। ব্রুস লির সিনেমা আমাদের কুংফু দেখিয়েছিল। কিন্তু শাওলিন আমাদের শেখায়—কেন কুংফু জন্মেছিল।
পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই মন্দির তাই শুধু ইতিহাস নয়। এটি এক জীবন্ত দর্শন যেখানে প্রতিটি নিঃশ্বাসই একটি শিক্ষা।
সন্ধ্যার আরতি দেখে ফিরে আসার সময় মনে হল শাওলিন থেকে ফিরে আসা যায়, কিন্তু শাওলিন থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায় না। কিছু নীরবতা, কিছু স্থিরতা চুপিচুপি আমাদের সঙ্গেই বাড়ি চলে আসে।
