poem-megher-sovajatra

মেঘের শোভাযাত্রা
চাণক্য বাড়ৈ

কী বিনিন্দিত বেদনার কারুকাজ ঝুলে আছে দেখো— বাতাসের কার্নিশে আর ধ্বস্ত মেঘের মিনারে— অথচ আমি তো কেবল কুড়াতে চেয়েছি সমবেত বকুলের শোভা, সঙ্গীতজ্ঞ পাখিদের কাকলি আর সামান্য অনুরাগের অস্পষ্ট ইশারা— মোমের আলোতে জ্বলে ওঠা তোমার নম্র মুখের স্নিগ্ধতার মতো—

এমন সুতীব্র অসুখের দিনে তোমার উজ্জ্বল অগোছালো স্মৃতি নির্ভুল ওষুধের মতো কাজ করে— নীরব রাত্রির মতো মৌন হয়ে আসে জীবাণুর শোরগোল— আমরা তখন জ্যোতির্ময় মহাকাশে নীরবে সাঁতার কাটি দুজন—

তুমি চোখ মেলো, মেঘেদের শোভাযাত্রায় তা একটি মশাল হয়ে জ্বলে ওঠে— যদি হাসো, গম্ভীর বজ্রের মাঝে যেন বেজে ওঠে সুরেলা পাখির কণ্ঠস্বর—

ওই যে অসংখ্য যতিচিহ্ন, জ্যোতির ভেতরে— চলো সরে দাঁড়াই, বেদনার আকাশটুকু ওরা নির্বিঘ্নে পার হয়ে যাক—



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-megher-sovajatra”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *