আমার বেদনা দিয়ে আমি একটি পাখি বানাই। তারপর তাকে আকাশে উড়িয়ে দিই। খানিকক্ষণ আকাশে উড়ে সে এসে বসে একটি গাছের ওপরে এবং বুঝতে পারে গাছও আসলে আর একটি মানুষের বেদনা, পাতা-ফুল-ফল আসলে ছোটো-বড়ো দীর্ঘশ্বাস। গাছের যে-শাখাটি নুয়ে পড়ে নদীটির ওপর সে বুঝতে পারে নদীও একজন মানুষের বেদনা, তাই জলের রং নীল। বয়ে যেতে যেতে নদী মুখ তুলে তাকায় আকাশের দিকে– দেখে আকাশে ফুটে উঠেছে রামধনু, বোঝে রামধনুটিও আসলে একজন নারীর বেদনা যে এক সময় ছিল কিশোরী আর পেয়েছিল লজ্জা।